সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দূতাবাস আক্রান্ত হলে বহির্শক্তির হস্তক্ষেপের সুযোগ—নাসীরুদ্দীন পাটওয়ারী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের কোনো দূতাবাসে হামলা বা নাশকতা হলে তা বহির্শক্তির হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করবে—এমন সতর্কবার্তা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি সবাইকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

- Advertisement -

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচি পালন করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের ভুলে গেলে চলবে না—যদি কোনো দূতাবাস আক্রান্ত হয় বা এখানে কোনো ধরনের সাবোটাজ চালানো হয়, তাহলে বহির্শক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে। আমরা সেই সুযোগ দিতে চাই না।”

তিনি শান্তিপূর্ণ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভারত থেকে নিয়মিতভাবে শেখ হাসিনা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছেন এবং ভারত তা সমর্থন দিচ্ছে বলেই আমরা কোনো দূতাবাস ভাঙচুর করতে চাই না।

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, “যারা উসকানিমূলক কর্মকাণ্ড করতে চায়, সাংবাদিকদের ওপর হামলা করতে চায় বা দূতাবাসে হামলার চেষ্টা করে—দেশের জনগণকে বলবো, তাদের নিবৃত্ত করুন। অহিংস ও গণতান্ত্রিকভাবে রাজপথে নামুন।”

তিনি বলেন, আবেগ থাকা স্বাভাবিক, তবে বিবেক ও যুক্তি দিয়ে কাজ করাই একজন দায়িত্বশীল মানুষের পরিচয়। অতীতে ছাত্র-জনতার আন্দোলনে অনুপ্রবেশকারীরা জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে এসব ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা গণতান্ত্রিক ও অহিংস রাজনীতির পক্ষে, সহিংস রাজনীতির বিপক্ষে। এই আদর্শ আমাদের শিখিয়ে গেছেন শহীদ শরিফ ওসমান হাদি।”

তিনি হাদির অবদানের কথা স্মরণ করে বলেন, হাদি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন এবং ভিন্ন ধারার সাংস্কৃতিক চর্চা গড়ে তুললেও কখনো ভাঙচুরের রাজনীতিতে জড়াননি।

এর আগে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল বাতিল করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ও হাদি হত্যার প্রতিবাদে এনসিপির নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা ক’বো’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, জুলাইযোদ্ধা খান তালাত মাহমুদ রাফিসহ অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও