ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে দুইটি আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
জানা গেছে, খালেদা জিয়ার পক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র উত্তোলন করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, “বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনার সমন্বয়কারী হিসেবে আজ মনোনয়নপত্র উত্তোলন করেছি।”
অন্যদিকে রেজাউল করিম বাদশা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন (বগুড়া-৬) থেকে তারেক রহমান অংশগ্রহণ করবেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়। তার পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।”
এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

