বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।
এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।
বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
সালাউদ্দিন আহমেদ জানান, দীর্ঘদিন পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, বর্তমানে তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নেই। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ।

