রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ম্যানেজড নির্বাচনের অভিযোগ থেকে মুক্তি চাই—সিইসি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আইনের শাসন কাকে বলে তা আমরা দেখিয়ে দিতে চাই। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা ও ম্যানেজড নির্বাচন করার অভিযোগ থেকে মুক্তি পেতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

- Advertisement -

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনে মাঠ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এসব কথা বলেন সিইসি।

সভার শুরুতে সদ্য শহীদ হওয়া ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে সিইসি বলেন, তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের ওপর একটি জাতীয় ও সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে। মাঠপর্যায়ে যারা প্রশাসন ও সরকারকে কার্যকর রাখেন, তারা সবাই এখানে উপস্থিত। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়ার দায়িত্ব আমাদের।”

নাসির উদ্দিন বলেন, “আমার অথরিটি ততক্ষণ কাজ করবে, যতক্ষণ আপনারা কাজ করবেন। আপনারা কাজ না করলে আমার অথরিটিও কাজ করবে না। সিস্টেমকে সচল রাখা এবং সেটি যেন কার্যকরভাবে ডেলিভারি দিতে পারে—এই সম্পূর্ণ দায়িত্ব আপনাদের।”

তিনি আরও বলেন, “আমাদের কাঁধে যে গুরু দায়িত্ব এসেছে, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে তা নিষ্ঠার সঙ্গে পালন করবো। এখানে কোনো রকম বিচ্যুতি হবে না। সবাই সঠিক কাজটি সঠিক সময়ে কার্যকরভাবে করবেন।”

নির্বাচন ব্যবস্থাকে নিয়ে চলমান সমালোচনার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, “আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছি, ম্যানেজড নির্বাচন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই—আমরা সঠিক, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি।”

তিনি বলেন, “এটা সম্ভব একমাত্র আইনের শাসনের মাধ্যমে। রুল অব ল নিশ্চিত করলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। মাঠপর্যায়ে যারা আছেন, তাদেরই আইনের শাসন নিশ্চিত করতে হবে।”

সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা, বিভাগীয় কমিশনার, আইজিপি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও