সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

পিলখানায় শহিদ সেনাদের কবর জিয়ারত—তারেক রহমানের শ্রদ্ধা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম দিকের কর্মসূচির অংশ হিসেবে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বনানী সামরিক কবরস্থানে গিয়ে তিনি শহিদ সেনাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

- Advertisement -

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বনানী কবরস্থানের সামনে দাঁড়িয়ে নীরবে শ্রদ্ধা জানান তারেক রহমান। পিলখানায় হত্যাকাণ্ডে প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের স্মরণে এ সময় তিনি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।

এর আগে দিনের শুরুতে তারেক রহমান যান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সকাল ১১টার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। একই স্থানে সদ্য সমাহিত শহিদ শরীফ ওসমান হাদির কবরেও ফাতেহা পাঠ ও মোনাজাত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

হাদি পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তারেক রহমান সরাসরি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যান। সেখানে দুপুর ১টা ১০ মিনিটের দিকে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

নির্বাচন কমিশন থেকে বের হয়ে আবারও বনানী কবরস্থানে ফেরেন তারেক রহমান। সেখানে তিনি ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবরে দাঁড়িয়ে দোয়া করেন। পাশাপাশি পার্শ্ববর্তী বনানী সামরিক কবরস্থানে শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এরপর দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

বিমানবন্দর থেকে লাল-সবুজে সাজানো বাসে করে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন তারেক রহমান। সেখানে প্রায় ১৬ মিনিট বক্তব্য দেওয়ার পর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সপরিবারে গুলশানের নিজ বাসভবনে ফিরে যান তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও