যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় চালানো এক অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয় বলে দাবি করেন ট্রাম্প। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে এ বিষয়ে ভেনেজুয়েলার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর আকাশে নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ে যেতে দেখা গেছে।
ভেনেজুয়েলার সরকার এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। তাদের দাবি, বেসামরিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
এদিকে বিস্ফোরণের আগেই ভেনেজুয়েলার আকাশসীমায় মার্কিন বাণিজ্যিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। চলমান সামরিক তৎপরতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংস্থাটি। তবে হামলার উদ্দেশ্য বা লক্ষ্যবস্তু সম্পর্কে সে সময় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

