রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আদালতের নির্দেশ—পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোট স্থগিত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সীমানা জটিলতা সংক্রান্ত আদালতের আদেশের কারণে পাবনার দুটি সংসদীয় আসনে ভোট স্থগিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

- Advertisement -

শনিবার (১০ জানুয়ারি) এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা জানিয়েছেন পাবনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২–এর সীমানা সংক্রান্ত সিএমপি নং ১১০৫/২০২৫ মামলায় আপিল বিভাগের ৫ জানুয়ারি ২০২৬ তারিখের আদেশের প্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই আসনের ভোট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করে। এতে সাঁথিয়া উপজেলার পুরো অংশ নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসনের সীমানা নির্ধারণ করা হয়।

এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার জহিরুল ইসলাম ও সাঁথিয়া উপজেলার আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে গত ১৭ সেপ্টেম্বর রুল জারি করা হয় এবং ১৮ ডিসেম্বর রায়ে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার কয়েকটি ইউনিয়ন বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত’ ঘোষণা করা হয়।

রায়ের পর নির্বাচন কমিশন ২৪ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করলেও সেই সিদ্ধান্ত স্থগিত চেয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান ও নির্বাচন কমিশন পৃথকভাবে আবেদন করে। গত ৫ জানুয়ারি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সংশোধিত বিজ্ঞপ্তির অংশবিশেষ স্থগিত করেন।

এর ফলে আগের ৪ সেপ্টেম্বরের গেজেট বহাল থাকে এবং সীমানা জটিলতা নিরসন না হওয়ায় আদালতের পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোট কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

তবে দেশের বাকি ২৯৮টি সংসদীয় আসনে নির্বাচনী কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে ইসি।

সর্বশেষ

এই বিভাগের আরও