চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহবুব আলম (৩৬) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহবুব আলম হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আবদুল নবীর ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন। পাশাপাশি কলাবাগান এলাকার আলাউল হল নামে একটি ভবনের তত্ত্বাবধায়ক হিসেবেও কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত মাহবুব আলমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মাইক্রোবাস চালক সমিতির নেতাকর্মীরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম–রাঙামাটি সড়কের কলাতলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

