রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নারীদের সমর্থন ইতোমধ্যে দৃশ্যমান—জামায়াত আমির

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আগামী জাতীয় নির্বাচনে দেশের মা-বোনেরা বাংলাদেশ জামায়াতে ইসলামীকেই বেছে নেবে বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের বিশেষ করে নারীদের সমর্থনের লক্ষণ তারা ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন।

- Advertisement -

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, “আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসনের পক্ষে রায় দেবে। আমরা শতভাগ আস্থা রাখি জনগণের ওপর। আমাদের একমাত্র চাওয়া—নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়।”

তবে নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে—এমন শঙ্কার কথাও জানান তিনি। জামায়াত আমির বলেন, “যদি কোনো শঙ্কা দেখা দেয়, তাহলে প্রথমে তা নির্বাচন কমিশনকে জানানো হবে। সেখানে সমাধান না হলে বিষয়টি জাতির সামনে তুলে ধরা হবে।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায়, তাহলে জনগণ আবার কবে তাদের ভোটাধিকার ফিরে পাবে—তা আমাদের জানা নেই।”

সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু গণমাধ্যম একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছে। অভ্যুত্থানের সময়েও একই প্রবণতা দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, “আমরা চাই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক। গণমাধ্যম যদি নিজেরাই পরাধীনতার শৃঙ্খল গলায় পরে, তাহলে সেটা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে। প্রশাসন কিংবা গণমাধ্যম—যে যেই ভূমিকা পালন করছে, জনগণ সবই মনে রাখছে। জনগণকে বোকা ভাবার কোনো সুযোগ নেই।”

সর্বশেষ

এই বিভাগের আরও