রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব রাজনীতিবিদদেরই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জাতীয় নির্বাচন–২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতির ওপর জনগণের আস্থা কম—এটি বাস্তবতা। এই আস্থা পুনর্গঠন করতে হবে রাজনীতিবিদদেরই, আর তা সম্ভব হবে জবাবদিহির মাধ্যমে।
তিনি বলেন, আগামীর বাংলাদেশে যারা জবাবদিহি ও জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হবে, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে না। জবাবদিহি নিশ্চিত করা গেলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবেই বাস্তবায়িত হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সুশীল সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশীল সমাজকে কাজ করতে না দিলে স্বৈরাচারের জন্ম হয়।
তিনি বলেন, কোনো সরকার এককভাবে সব সমস্যার সমাধান দিতে পারে না। বাস্তবায়নে অংশীদারিত্ব জরুরি। বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি খাত, সুশীল সমাজ ও এনজিওদের সম্পৃক্ত করেই সমস্যার সমাধানে এগিয়ে যাবে।

