অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত ক্রিটিক্যাল। এই নির্বাচনের স্বচ্ছতা যেমন দেশের মানুষ প্রত্যাশা করছে, তেমনি আন্তর্জাতিক মহলও গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে গণভোট ও রাষ্ট্রীয় সংস্কারের বিষয়টিও গুরুত্বপূর্ণভাবে যুক্ত রয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের গাড়ি সুপার ক্যারাভান–এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন। দেশের কল্যাণে কী প্রয়োজন, সে সিদ্ধান্ত জনগণই নেবে। যেসব ক্ষেত্রে সংস্কার দরকার, সেগুলো অবশ্যই করা হবে। দেশের মঙ্গলের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অতীতে অনেক ভালো উদ্যোগ শুরু হলেও তা শেষ করা যায়নি। জনগণের স্বার্থে শুরু করা কাজ পরবর্তী সরকার এসে বাতিল করে দেওয়ার নজির রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যে সরকার দায়িত্বে আসবে তারা যেন চলমান ইতিবাচক উদ্যোগগুলো এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশে বিপুল সম্ভাবনা রয়েছে, তবে আরও অনেক দূর এগোনোর সুযোগ ছিল বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, নয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্য, শিক্ষকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

