ফটিকছড়িতে জীপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. শাকিল (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আলাউদ্দিন তালুকদার (৩৯) নামে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার নানুপুর–খিরাম সড়কের লম্বাটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল খিরাম ইউনিয়নের মগকাটা এলাকার আবদুল কাদেরের ছেলে। আহত আলাউদ্দিনের বাড়ি আনোয়ারা উপজেলায়।
নিহতের চাচা আবদুল আজিজ জানান, শাকিল ও তার বন্ধু আলাউদ্দিন মোটরসাইকেলে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে লম্বাটিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জীপ গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
পরে গুরুতর আহত আলাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক মো. সুমন জানান, জীপ গাড়ি (চাঁদের গাড়ি) ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

