সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে পারবে ইসি—বিএনপি মহাসচিব

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

নির্বাচন কমিশন (ইসি) এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে বর্তমান কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম হবে।

- Advertisement -

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত—দলীয় প্রার্থিতা বাতিল, পোস্টাল ব্যালটসহ অন্যান্য বিষয় নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনে প্রার্থী বাছাইয়ের সময় কিছু জটিলতা দেখা দেয়, এটি নতুন কিছু নয়। এখন পর্যন্ত আমরা যে নির্বাচন কমিশনকে দেখছি, তারা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে।’

তিনি আরও জানান, বিএনপি যে সমস্যাগুলো চিহ্নিত করেছে, সেগুলো ইতোমধ্যে কমিশনের সামনে তুলে ধরা হয়েছে। ‘আমরা আশা করি এবং বিশ্বাস করি, নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে পারবে,’ বলেন বিএনপি মহাসচিব।

মাঠপর্যায়ে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ বিষয়ে বিএনপির কাছে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট অভিযোগ নেই।

এ সময় শহীদ জিয়াউর রহমানের অবদান স্মরণ করে মির্জা ফখরুল বলেন, তিনি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। ‘বটমলেস বাস্কেট’ হিসেবে পরিচিত বাংলাদেশকে তিনি সম্ভাবনাময় অর্থনীতির পথে এগিয়ে নিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপি শপথ নিয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে শহীদ জিয়ার আদর্শ প্রতিষ্ঠা করবে বিএনপি ও তার সব অঙ্গসংগঠন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও