সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সুষ্ঠু ভোটের প্রত্যাশা—বোয়ালখালীতে বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট ব্যবস্থাপনা ও গণভোটের প্রচার কার্যক্রম পরিদর্শন করেছেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন

- Advertisement -

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তিনি বোয়ালখালী পৌরসভা কার্যালয়, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় নির্বাচনকালীন প্রস্তুতি, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক সমন্বয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন বলেন, “আসন্ন নির্বাচনকে সামনে রেখে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট ব্যবস্থাপনা ও গণভোটের প্রচার কার্যক্রমসহ পূর্বনির্ধারিত কয়েকটি পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করতে আমি এখানে এসেছি।

বোয়ালখালী আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। আশা করছি, নির্বাচনের সময়ও এই পরিস্থিতি বজায় থাকবে। সবাই আন্তরিকভাবে কাজ করছেন। আমি বিশ্বাস করি, এখানে একটি সুষ্ঠু ও সুন্দর ভোট অনুষ্ঠিত হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছেরসহ প্রশাসন ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।

সর্বশেষ

এই বিভাগের আরও