দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাফে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনা।
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বুধবার (২১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী— ২২ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি: ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি: ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
এ ছাড়া স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা নির্ধারণ করেছিল বাজুস, যা তখন দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।
চলতি বছরে এ নিয়ে মোট ৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো—এর মধ্যে ৭ বার দাম বেড়েছে এবং ২ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
এদিকে সোনার পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
নতুন দর অনুযায়ী— ২২ ক্যারেট রুপা প্রতি ভরি: ৬ হাজার ৫৯০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি: ৬ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি: ৫ হাজার ৪২৪ টাকা, সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি: ৪ হাজার ৮২ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৬ দফা সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৪ বার দাম বেড়েছে এবং ২ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার।

