একটি দল পাকিস্তানপন্থি হয়ে এখন বাংলাদেশ গড়তে চায়—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই আজ নানা ষড়যন্ত্রে লিপ্ত।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে বিএনপির ধানের শীষের প্রথম নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “তারা বিএনপির বিরুদ্ধে, আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ধরনের শক্তি কি জনগণের ভোট পাবে? জনগণ কি তাদের ভোট দেবে?”
তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে এ দেশের মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, কিন্তু মাথা নত করেনি। “আমাদের লক্ষ্য—বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। এই যাত্রা নতুন বাংলাদেশ গড়ার যাত্রা। এ কাজে জনগণের সহযোগিতা চাই।”
বিএনপি মহাসচিব বলেন, “একটি বিশেষ দল রয়েছে—যারা স্বাধীনতার বিরোধী ছিল, যারা দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা এখন বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, এমনকি তারেক রহমানকে নিয়েও অপপ্রচার চালাচ্ছে। সবাইকে এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”
জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ টেনে। তিনি বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ। এটাই আমাদের রাজনীতি, এটাই আমাদের অঙ্গীকার।”
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভাটি পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

