সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমতায় গেলে দারিদ্র্যসীমার নিচে থাকবে না কেউ—সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা দেশের স্বার্থবিরোধী রাজনীতি করেছে, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

- Advertisement -

শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে সবার পরিণতি এক হবে। বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ যেন ভয়ভীতি ছাড়া স্বাধীন ও মুক্ত পরিবেশে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে কোনো মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করতে না হয়।

নারীর ক্ষমতায়ন ও আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে দরিদ্র পরিবারকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড এবং স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করে—এটাই এ দলের রাজনৈতিক ঐতিহ্য।

গণসংযোগে অন্যদের মধ্যে বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, যুবদল সভাপতি মোহাম্মদ জাকারিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও