২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের ক্রিকেটে নেমে এলো বড় ধাক্কা। ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে গ্রুপ ‘সি’-তে অংশ নেবে স্কটল্যান্ড।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ–এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঞ্জোগ গুপ্ত বোর্ড সদস্যদের এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।
আইসিসির পক্ষ থেকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, বোর্ডের সিদ্ধান্ত মানতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের মর্যাদা ও সূচি রক্ষার স্বার্থে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া আইসিসির সামনে আর কোনো পথ খোলা ছিল না।
ইতোমধ্যে এডিনবার্গে ক্রিকেট স্কটল্যান্ডের কাছে বিশ্বকাপে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
বর্তমান টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ড পূর্ববর্তী আইসিসি ইভেন্টগুলোতে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে এই সুযোগ পেয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা বাংলাদেশকেও হারিয়েছিল।
নতুন সূচি অনুযায়ী, স্কটল্যান্ড কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি খেলবে। এরপর মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে দলটি।
প্রতিবেদনে আরও বলা হয়, আইসিসির নিরাপত্তা মূল্যায়নে ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য ঝুঁকির মাত্রা ছিল ‘মডারেট টু লো’। তবে বিসিবি দাবি করে আসছিল ঝুঁকি ‘মডারেট টু হাই’।
আইসিসি এ বিষয়টি উল্লেখ করে জানায়, এর আগেও তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে—যেমন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে—বাংলাদেশ দল পাঠিয়েছিল বিসিবি।
গত বুধবার বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় আইসিসি। তবে নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না দিয়ে বিসিবি উল্টো নিরাপত্তা প্রতিবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে।
শুক্রবার বিপিএল ফাইনালের সময় বিসিবির পক্ষ থেকে কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত তারা নিজেদের দাবিতে অনড় থাকে। সময়সীমা পার হওয়ার পর আইসিসিকে চিঠি পাঠালেও ততক্ষণে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়।
আইসিসির মতে, বিসিবির দাবি মেনে নিলে ভবিষ্যতে যেকোনো দেশ যখন-তখন ভেন্যু পরিবর্তনের দাবি তুলতে পারে, যা টুর্নামেন্টের নিরপেক্ষতা ও ধারাবাহিকতা নষ্ট করবে।
এ বিষয়ে এখন পর্যন্ত আইসিসির আনুষ্ঠানিক চিঠি পাওয়ার কথা স্বীকার বা অস্বীকার করে বিসিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

