সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার ঋণেই বাড়তি ব্যয় — রূপপুর প্রকল্পের খরচ ছাড়াল ১ লাখ ৩৮ হাজার কোটি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ব্যয় আরও ২৫ হাজার ৫৯২ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ফলে প্রকল্পটির মোট ব্যয় বেড়ে দাঁড়াল ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ কোটি টাকা।

- Advertisement -

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, বাড়তি ব্যয়ের পুরো অর্থই আসবে প্রকল্প ঋণ থেকে। আগে প্রকল্পটির ব্যয় ছিল ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা। ব্যয় বৃদ্ধির ফলে প্রকল্পে ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

পাবনার রূপপুরে রাশিয়ার সহযোগিতায় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটিতে দুটি ইউনিটে প্রতিটিতে ১২০০ মেগাওয়াট করে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী মোট ব্যয়ের ১০ শতাংশ সরকারের এবং বাকি ৯০ শতাংশ রাশিয়া ঋণ হিসেবে দেওয়ার কথা ছিল। তবে একনেক সভায় সরকারের অর্থায়নের পরিমাণ ১৬৬ কোটি টাকা কমানো হয়েছে। এতে সরকারের অর্থায়ন দাঁড়িয়েছে ২১ হাজার ৮৮৬ কোটি টাকা, যা আগে ছিল ২২ হাজার ৫২ কোটি টাকা।

সরকার যে অর্থায়ন কমিয়েছে, সেটিও প্রকল্প ঋণ থেকেই সমন্বয় করা হবে। এর ফলে প্রকল্পের মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭৯৯ কোটি টাকা, যা আগে ছিল ৯১ হাজার ৪০ কোটি টাকা।

বিদ্যুৎকেন্দ্রটির নকশা অনুযায়ী এর কার্যকাল ধরা হয়েছে ৬০ বছর। প্রয়োজনে মেয়াদ আরও ২০ বছর বাড়ানো যাবে।

২০১৩ সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৭ সালের নভেম্বরে প্রথম ইউনিটের চুল্লি ও পানি শীতলকারী ডোমের কংক্রিট ঢালাই কাজ উদ্বোধন করা হয়।

২০২১ সালের শুরুতে একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে আসার কথা থাকলেও কোভিড-১৯ মহামারি, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন জটিলতায় প্রকল্পের কাজ বিলম্বিত হয়। সর্বশেষ সংশোধিত পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটির কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত।

একনেক সভায় রূপপুর প্রকল্পসহ মোট ২৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা। এর মধ্যে একক প্রকল্প হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেই বরাদ্দ রাখা হয়েছে অর্ধেকের বেশি অর্থ।

সর্বশেষ

এই বিভাগের আরও