ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা।
সোমবার (২৬ জানুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
স্ট্যাটাসে সর্বমিত্র চাকমা লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে বিপুল প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছিলেন। ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্য নিয়ে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি রেজিস্টার্ড রিকশা চালু, ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রস্তাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছেন।
তিনি বিশেষভাবে সেন্ট্রাল ফিল্ডের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরেন। সেখানে সিসি ক্যামেরা না থাকায় নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ও মানিব্যাগ চুরি, সাইকেল চুরিসহ নিয়মিত বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া বহিরাগতদের দৌরাত্ম্যের কারণে নারী শিক্ষার্থীরা মাঠে খেলতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন বলেও উল্লেখ করেন।
ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন দেয়াল সংস্কারের ফাইল প্রশাসন থেকে ফিরে আসায় বহিরাগতদের অনুপ্রবেশ আরও সহজ হয়েছে বলে জানান সর্বমিত্র চাকমা। তিনি বলেন, গত মাসে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বহিরাগত দমনে কঠোর হতে বাধ্য হন তিনি, যদিও সেই পন্থা বিতর্কের জন্ম দেয়।
নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি লেখেন, তার সমস্ত চিন্তা-ভাবনার কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা। একা হাতে, দায়িত্বের সীমা অতিক্রম করেও সমস্যা সমাধানের চেষ্টা করেছেন তিনি।
তবে প্রশাসনিক স্থবিরতা এবং পরিস্থিতি মোকাবিলায় আইনের সীমার বাইরে যেতে বাধ্য হওয়ায় ব্যক্তিগত ও মানসিকভাবে তিনি চরম চাপে পড়েন বলে জানান। এতে তার ব্যক্তিগত জীবনও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থায় দায়িত্ব চালিয়ে যাওয়ার সক্ষমতা তার আর নেই।
স্ট্যাটাসের শেষাংশে সর্বমিত্র চাকমা স্পষ্ট করে বলেন, কোনো অভিমান বা কারও প্ররোচনায় নয়, বরং বাস্তবতার নিরিখেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে কাজ করাই অসম্ভব হয়ে দাঁড়ায়, সেখানে পদ আঁকড়ে রাখার কোনো অর্থ নেই বলেও মন্তব্য করেন তিনি।

