আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–৯ সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা জোরদার হচ্ছে। ভোটের মাঠে নিজের অবস্থান সুদৃঢ় করতে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. একেএম ফজলুল হক।
এরই ধারাবাহিকতায় শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নগরীর এনায়েত বাজার এলাকার বিভিন্ন পাড়া–মহল্লা, বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে গণসংযোগ করেন তিনি। এ সময় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, কারও সঙ্গে কুশল বিনিময় করেন, আবার কাউকে বুকে জড়িয়ে শুভেচ্ছা জানান।
গণসংযোগকালে ডা. ফজলুল হক তাঁর নির্বাচনী কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেবেন।
বিশেষ করে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তাঁর প্রধান অগ্রাধিকার থাকবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় অনেক ভোটার তাঁদের দৈনন্দিন ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান। বিশেষ করে জলাবদ্ধতা, বেহাল সড়ক, গ্যাস ও পানির সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এসব সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক ও কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জামায়াত প্রার্থী।
ডা. ফজলুল হক বলেন, চট্টগ্রাম–৯ আসনে জয়ী হলে জনগণকে সঙ্গে নিয়ে তিনি একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে কাজ করবেন। ন্যায়বিচার, সুশাসন ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য ভোটারদের প্রতি আবেদন জানান চট্টগ্রাম–৯ আসনের এই জামায়াত মনোনীত প্রার্থী।

