সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

“কোনো সুস্থ দল এ ধরনের অভিযোগ করতে পারে না”—এহসানুল মাহবুব জুবায়ের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ভোটের সময় শান্তিশৃঙ্খলা রক্ষার নামে জামায়াতে ইসলামী ‘শান্তি কমিটি’ গঠন করতে যাচ্ছে—বিএনপির এমন অভিযোগকে ‘আজগুবি’ বলে উড়িয়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

- Advertisement -

তিনি বলেন, এ ধরনের অভিযোগ কোনো সুস্থ লোক বা সুস্থ দলের পক্ষ থেকে আসতে পারে না।

রোববার (১লা ফেব্রুয়ারী) নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে তারা নির্বাচন সংক্রান্ত একাধিক পর্যবেক্ষণ ও দাবি তুলে ধরেন। এর মধ্যে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘শান্তি কমিটি’ গঠন সংক্রান্ত অভিযোগও ছিল।

বৈঠক শেষে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘কোনো কোনো দলের পক্ষ থেকে বিভিন্ন নির্বাচনি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার নামে শান্তি কমিটি গঠন করা হবে—এমন আলোচনার কথা আমরা সিইসিকে জানিয়েছি।’

তিনি আরও বলেন, “শান্তি কমিটি শব্দটাই আমাদের কাছে অপ্রিয়, যদিও আমরা শান্তিবাদী মানুষ। নির্বাচন কমিশন জানিয়েছে, তারা এ বিষয়ে কিছু জানে না এবং এ ধরনের কমিটি গঠনের কোনো সিদ্ধান্ত নেয়নি।”

বিএনপির বৈঠকের পর একই দিন বিকেলে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। ওই দলে দলটির নারী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘শান্তি কমিটি’ গঠনের অভিযোগ সম্পর্কে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “এসব আজগুবি অভিযোগ কোনো সুস্থ মাথা থেকে আসতে পারে না। আমি বলবো, কোনো সুস্থ লোক, সুস্থ কোনো দল এ ধরনের অভিযোগ তুলতে পারে না।”

তিনি দাবি করেন, “একটি দল এখন অস্থির হয়ে পড়েছে। কারণ জনগণের বিপুল সমর্থন আমাদের দিকে—পুরুষ ও মহিলা সবার সমর্থন। এতে ভীত হয়ে তারা এসব কথাবার্তা বলছে। এটা সুস্থতার কোনো লক্ষণ নয়। আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করি।”

তিনি ঢাকায় হাদি এবং শেরপুরে রেজাউল হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, এসব ঘটনা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ও শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে মারাত্মক অন্তরায়।

বিএনপির ধারাবাহিক অভিযোগ প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “একটি দল সব সময় ‘না’-এর রাজনীতি করে। সব কিছুতেই না। এটা জনগণই বিবেচনা করবেন। গণভোটেও তারা ‘না’ বলেছিল, এখন হয়তো ‘হ্যাঁ’-এর পক্ষে এসেছে।”

সর্বশেষ

এই বিভাগের আরও