আর মাত্র চারদিন পরই দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় সারাদেশে গণসংযোগ শেষে রাজধানী ঢাকায় বড় পরিসরে জনসভা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি।
দলটির চেয়ারম্যান তারেক রহমান টানা দুই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ১৪টি জনসভায় সরাসরি অংশগ্রহণ করে বক্তব্য দেবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিটির মুখপাত্র মাহদী আমিন।
রোববার ঢাকা উত্তর—৬ আসনে জনসভা
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনি আসনে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।
সূচি অনুযায়ী, দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বর থেকে জনসভা শুরু করবেন তিনি। এরপর পর্যায়ক্রমে পল্লবী, মিরপুর-১০, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ, শ্যামলী ক্লাব মাঠে বক্তব্য রাখবেন। সবশেষে সন্ধ্যা ৬টায় বাড্ডার সাতারকুল সানভ্যালী মাঠে দিনের কর্মসূচি শেষ করবেন বিএনপি চেয়ারম্যান।
সোমবার ঢাকা দক্ষিণ—৮টি জনসভা
পরদিন সোমবার (৮ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের ৭টি আসনসহ মোট ৮টি জনসভায় যোগ দেবেন তারেক রহমান।
এইদিন বেলা ১১টায় বনানী থেকে প্রচারণা শুরু করে কলাবাগান, পীর জঙ্গি মাজার রোড, বাসাবো, যাত্রাবাড়ী, জুরাইন ও ধূপখোলা মাঠ হয়ে সন্ধ্যা ৬টায় লালবাগ বালুর মাঠে জনসভা দিয়ে নির্বাচনি সফর শেষ করবেন তিনি।
গুরুত্বপূর্ণ সংযোগস্থলে জনসভা
বিএনপি জানায়, প্রতিটি জনসভা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ সংযোগস্থলে আয়োজন করা হয়েছে, যাতে সাধারণ ভোটারদের কাছে দলের বার্তা সহজে পৌঁছানো যায়।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, “আমরা আশা করছি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসব জনসভা সফল হবে এবং ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।”
এ সময় তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহালের উদ্যোগ নেওয়া হবে।

