ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করবেন। সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে তাদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে পাঠানো নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, একই দিনে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।
ইসি সূত্রে জানা গেছে, ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয়লাভ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।
ভোটের হিসাবে ধানের শীষ প্রতীকে বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। এনসিপি শাপলা কলি প্রতীকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট।
ইসির তথ্যমতে, এ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল এবং ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন।
তবে আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসন—চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪—এর ফলাফল ঘোষণা করা হয়নি। ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও বাকি ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

