অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমীর খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন অর্থমন্ত্রী। সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়ির পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন তিনি।
এরপর নগরের কদমতলী মাদারবাড়ী জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। দুপুর আড়াইটা থেকে তিনটা পর্যন্ত নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন।
বিকেল তিনটায় একই স্থানে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বন্দর সেবাদানকারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন অর্থমন্ত্রী।
দিনের কর্মসূচি শেষে রাত ৮টা ২৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

