সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ভাষা দিবসে মন্ত্রীর প্রশ্ন—‘ইনকিলাব জিন্দাবাদ’ কি বাংলার?

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেছেন, বাংলা ভাষার চর্চা ও চেতনায় ঘাটতি থাকায় নতুন প্রজন্মের মধ্যে ‘ইনকিলাব’সহ ভিন্ন ভাষার স্লোগান শোনা যাচ্ছে, যা তাকে ব্যথিত করে।

- Advertisement -

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পৌর শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

মন্ত্রী বলেন, “আজ আমরা যদি বাংলা ভাষা নিয়ে নিজেদের ভেতরে একটু ভাবতাম, তাহলে জেন-জি ‘ইনকিলাব’ বলত না। তারা ইনকিলাব বললে আমার রক্তক্ষরণ হয়। এটার জন্যই কি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম? সমাজ পরিবর্তনের জন্য জীবন দিতে গিয়েছিলাম। কিন্তু এখন দেখি সমাজ উল্টো দিকে হাঁটছে।”

তিনি আরও বলেন, “বাংলা ভাষাকে যদি সত্যিই মায়ের ভাষা বলতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ইনকিলাব, ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো শব্দগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা।”

এ ধরনের বক্তব্য দেওয়ায় সমালোচনার মুখে পড়তে হতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেকেই তাকে ভারতের দালাল বা ‘র’-এর এজেন্ট বলবেন, তবুও তিনি নিজের অবস্থানে অনড় থাকবেন।

মাতৃভাষার ইতিহাসের গুরুত্ব তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, “যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সে জাতি কোনো দিন উন্নতি করতে পারে না। আমরা নিজেদের ভাষা ও ইতিহাস ঠিকমতো জানার চেষ্টা করিনি বলেই আমাদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে ওঠে না।”

আলোচনা সভায় পুলিশ সুপার সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও