রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হালিশহরে গ্যাস লিকেজে বিস্ফোরণ—দগ্ধ ৯ জনের একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম নুরজাহান বেগম রানি (৪০)।

- Advertisement -

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে নগরীর হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনের তৃতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এ নেওয়া হলে সেখানে নুরজাহানকে মৃত ঘোষণা করা হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, চট্টগ্রাম থেকে ৯ জন দগ্ধ রোগী আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা নুরজাহান আক্তার রানিকে মৃত ঘোষণা করেন। তার শরীরের শতভাগ দগ্ধ ছিল।

দগ্ধ অন্যরা হলেন—শাখাওয়াত হোসেন (৪৬), তার ভাই মো. শিপন (৩১), মো. সামির আহমেদ সুমন (৪০), শাখাওয়াতের বড় ছেলে মো. শাওন (১৬), সামিরের বড় ছেলে মো. ফারহান আহমেদ আনাস (৬), শাখাওয়াতের ছোট মেয়ে মো. আইমান স্নিগ্ধা (৯), সামিরের ছোট মেয়ে আয়েশা আক্তার (৪) এবং সামিরের স্ত্রী আশুরা আক্তার পাখি (৩৫)।

চিকিৎসক জানান, শাখাওয়াত ও পাখির শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। শিপনের ৮০ শতাংশ, শাওনের ৫০ শতাংশ, সামিরের ৪৫ শতাংশ, আয়েশার ৪৫ শতাংশ, আইমান স্নিগ্ধার ৩৮ শতাংশ এবং আনাসের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় সবার অবস্থাই আশঙ্কাজনক।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, রোগীদের ঢাকায় রেফার করার সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া ছিল এবং আনার সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করা হয়েছে।

তিনি জানান, কয়েকজনকে ইতোমধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। বাকিদের অবস্থার পর্যবেক্ষণ শেষে প্রয়োজন হলে আইসিইউতে স্থানান্তর করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও