রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ফিরল মায়ের কোলে হারানো সন্তান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজধানীতে অপহরণের দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হয়েছে ন্যাশনাল আইডিয়াল কলেজের নবম শ্রেণির ছাত্র আফফান সাঈদকে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে দ্রুত অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

- Advertisement -

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার চামেলীবাগ এলাকায় একটি সাততলা নির্মাণাধীন ভবন থেকে তাকে উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আফফান সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের কর্মচারী খন্দকার শামীম আহমেদের ছেলে।

সচিবালয় সূত্র জানায়, বিকেল ৩টার দিকে সাইকেল চালাতে বাসা থেকে বের হয় আফফান। কিছু সময় পর তার ফোন থেকেই পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে সেই অঙ্ক কমিয়ে ৩০ হাজার টাকা চাওয়া হয় এবং কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়।

একমাত্র ছেলের এমন খবরে সচিবালয়ে নিজের কার্যালয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা শামীম আহমেদ। সহায়তার জন্য পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

অফিস থেকে বের হওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখে প্রটোকল ভেঙে তার কাছে যাওয়ার চেষ্টা করেন শামীম আহমেদ। নিরাপত্তাকর্মীরা তাকে থামালেও প্রধানমন্ত্রীর নজরে বিষয়টি আসে।

পরে শামীম আহমেদকে কাছে ডেকে নিয়ে ঘটনার বিস্তারিত শোনেন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর নড়েচড়ে বসে ডিএমপি। রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে চামেলীবাগের একটি নির্মাণাধীন ভবন থেকে অপহৃত আফফানকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের পর স্বস্তি ফিরে আসে পরিবারে।

রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব। দ্রুত সময়ের মধ্যে অপহৃত ছাত্রকে উদ্ধার করতে পেরে তারা সন্তুষ্ট।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অপহরণকারীরা স্থানীয় ছিনতাইকারী ও মাদকসেবী। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আফফানের বাবা শামীম আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক পদক্ষেপ না থাকলে হয়তো এত দ্রুত তার সন্তানকে ফিরে পাওয়া সম্ভব হতো না।

ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

এই বিভাগের আরও