ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে।
কান্নাবিজড়িত কণ্ঠে এক ঘোষণায় উপস্থাপক জানান, তার মৃত্যুতে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি–ও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, রোববার (১ মার্চ) থেকে এই শোক কার্যকর হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর খামেনির মৃত্যুর দাবি করেছিলেন।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলভী–এর রাজতন্ত্র উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সেই থেকে দেশটিতে ‘সুপ্রিম লিডার’ বা সর্বোচ্চ নেতা পদ চালু রয়েছে।
এ পর্যন্ত দুজন সর্বোচ্চ নেতা দায়িত্ব পালন করেছেন এবং তাদের পদবী হিসেবে ‘আয়াতুল্লাহ’ ব্যবহার করা হয়, যা শিয়া মুসলিমদের কাছে একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্দেশ করে।
সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফ ছিলেন এবং দেশের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে অবস্থান করতেন।
তার মৃত্যুর খবরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

