স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছি। পরিদর্শনের সময় হাসপাতালের কর্মকর্তা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসপাতালটি পরিষ্কার-পরিচ্ছন্ন দেখেছি এবং আমরা ভাবছি হাসপাতালটিকে আরও উন্নত করা যায় কিনা।
রোববার (১ মার্চ) সকাল ৯টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা সবাই জানেন এখানে একটি মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়ে গেছে। জায়গাও নির্ধারণ করা হয়েছে। মেডিকেল কলেজ হলে স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে বলে আশা করছি। মেডিকেল কলেজ স্থাপিত হলে ২৫০ শয্যার হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করা হবে, যাতে এলাকার মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পায়। আমরা এ বিষয়ে সবসময় সজাগ থাকব।
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, হাসপাতালের সুপারকে স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রয়োজনীয় বিষয়গুলো জানাতে বলা হয়েছে। সরকার সেসব চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেবে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে আরও একটি লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
মির্জা ফখরুল বলেন, আমি হাসপাতালের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করেছি, যেন এই জেলায় স্বাস্থ্যব্যবস্থা আরও উন্নত হয় এবং সাধারণ মানুষ ভালো চিকিৎসাসেবা পায়।
আমাদের সীমিত সম্পদের মধ্যেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা থাকবে। যারা দীর্ঘদিন ধরে হাসপাতালে কর্মরত আছেন, তাদের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমাদের সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহ হয়েছে। এই সময়ের মধ্যেই আমরা বিভিন্ন খাতে উন্নয়নের উদ্যোগ নিচ্ছি। আশা করছি ধীরে ধীরে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে।

