জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ জন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে নাম নির্ধারণ করতে বলা হয়েছে।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে যে সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই।”
তিনি আরও জানান, তাঁদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সরাসরি সাক্ষাতে প্রস্তাব দেওয়া হয়েছে, যেন তারা ডেপুটি স্পিকারের জন্য একজনের নাম ঠিক করে। স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

