দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) রাত আটটার পর দিল্লি হয়ে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস–এর কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সফরটি রাজনৈতিক গুরুত্ব বহন করলেও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নই থাকবে ওয়াশিংটনের অগ্রাধিকারে। পাশাপাশি রাজনৈতিক বোঝাপড়া, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক ইস্যু—বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি—আলোচনায় গুরুত্ব পাবে।
সফরসূচি অনুযায়ী, বুধবার (৪ মার্চ) তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। একই দিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে তার।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এছাড়া রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও তার আলোচনা করার কথা রয়েছে। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে।

