রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নেতিবাচক সংসদীয় সংস্কৃতি বদলাতে চায় বিএনপি—সালাহউদ্দিন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের সংসদীয় ইতিহাসে বিদ্যমান নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি ইতিবাচক ও শক্তিশালী গণতান্ত্রিক চর্চা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

- Advertisement -

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মশালায় সংবিধান, কার্যপ্রণালি বিধি, সংসদের প্রথা ও প্রচলিত রীতিনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, বিশ্বের শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোতে সংসদে যে ধরনের সুস্থ চর্চা রয়েছে, সেসব বিষয় নিয়েও নবনির্বাচিত সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ভবিষ্যতের সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং বলবে—এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিল। অতীতে সংসদে যেসব নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে মুছে দিতে চায় বিএনপি।

তিনি জানান, প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের সুস্থ সংসদীয় সংস্কৃতিতে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, একজন শিশু যেমন জন্মের পর নতুন সংস্কৃতি শেখে, ঠিক তেমনি নবীন সংসদ সদস্যদেরও ইতিবাচক রাজনৈতিক ও সংসদীয় সংস্কৃতিতে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তাদের মধ্যে আগে থেকে কোনো খারাপ সংস্কৃতি না থাকায় ভালো চর্চা সহজেই গ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও