নগরের কোতোয়ালী থানাধীন টেরিবাজারে ‘রাজস্থান’ নামের একটি পোশাকের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় পণ্য হিসেবে দাবি করে বেশি দামে বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান, অভিযানের সময় দোকানটিতে একই পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশি—দুটি আলাদা ট্যাগ পাওয়া যায়।
তিনি বলেন, তদন্তে দেখা গেছে বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে দাবি করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এ অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দোকান মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

