শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

এতিমদের খোঁজখবর নিলেন তারেক রহমান, একসঙ্গে ইফতার

এতিম শিশু ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইফতারের আগে তিনি এতিম শিশুদের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।

- Advertisement -

শনিবার (৭ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, এতিমদের বিষয়ে রাষ্ট্র ও সরকারের দায়িত্ববোধ তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের ইফতার মাহফিল প্রতীকী গুরুত্ব বহন করে। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন সমাজের বিত্তবানদের মধ্যে এতিমদের প্রতি দায়িত্ব পালনের ব্যাপারে ইতিবাচক বার্তা দেবে।

তারেক রহমান বলেন, যদি সমাজের বিত্তবানরা পবিত্র কোরআন-হাদিসের নির্দেশনা অনুযায়ী এতিমদের প্রতি দায়িত্ব পালনে সচেষ্ট হন, তাহলে পিতৃহারা এতিম শিশুরা কষ্টের মধ্যেও সমাজে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবে।

রমজানের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান ত্যাগ, সংযম ও রহমতের মাস। কিন্তু দুঃখজনকভাবে কেউ কেউ এই মাসকে লাভ-লোভের মাসে পরিণত করেন। যারা পবিত্র মাসেও অসাধু পন্থা অবলম্বন করেন, তাদের প্রতি মানুষের কষ্টের কারণ না হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি দেশের যাকাত ব্যবস্থাপনা নিয়েও নিজের ভাবনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার যাকাত আদায় হয়। তবে এই অর্থ দারিদ্র্য বিমোচনে কতটা কার্যকর ভূমিকা রাখছে, তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

তিনি বলেন, লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে যাকাত বণ্টন করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশে উল্লেখযোগ্যভাবে দারিদ্র্য কমানো সম্ভব।

প্রধানমন্ত্রী আরও জানান, দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতিবছর পর্যায়ক্রমে পাঁচ লাখ পরিবারকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত যাকাত দেওয়া গেলে অনেক পরিবার পরবর্তী বছর আর যাকাতের ওপর নির্ভরশীল থাকবে না।

তিনি বলেন, যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে দেশের শীর্ষ আলেম-ওলামা, ইসলামিক পণ্ডিত ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ধর্ম মন্ত্রণালয়ের অধীন বিদ্যমান যাকাত বোর্ড পুনর্গঠন করা সম্ভব।

ইফতার মাহফিলে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমেদুল্লাহ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মোহাম্মদ আব্দুল মালেক বক্তব্য রাখেন।

সর্বশেষ

এই বিভাগের আরও