বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরে ভিড়ল ২৭ হাজার টন ডিজেল, আসছে আরও চার ট্যাংকার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়েছে ‘এমটি শিউ চি’ নামের একটি ট্যাংকার। সিঙ্গাপুর থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই ডিজেল আমদানি করেছে।

- Advertisement -

বন্দর সূত্র জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে আরও চারটি ডিজেলবাহী ট্যাংকার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এসব ট্যাংকারে মোট ১ লাখ ৪৭ হাজার ২০৫ টন ডিজেল রয়েছে।

এর মধ্যে আজ রাতে সিঙ্গাপুর থেকে ‘লিয়ান হুয়ান হু’ নামের একটি ট্যাংকার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এতে প্রায় ৩০ হাজার টন ডিজেল রয়েছে।

এছাড়া বৃহস্পতিবার বন্দরে আসবে ‘এসপিটি থেমিস’ নামের আরেকটি ট্যাংকার, যাতে রয়েছে ৩০ হাজার ৪৮৪ টন ডিজেল।

আগামী শনিবার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে ‘র‍্যাফেলস সামুরাই’ ও ‘চ্যাং হ্যাং হং টু’ নামের আরও দুটি ট্যাংকারের। এ দুটি ট্যাংকারেও প্রায় ৩০ হাজার টন করে ডিজেল রয়েছে।

সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নয়টি দেশ থেকে মোট ২৩ লাখ ২৮ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। এরমধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারত থেকে এসেছে প্রায় ৭৮ শতাংশ ডিজেল। তবে মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এ সময়ে ডিজেল আমদানি করা হয়নি।

এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বাংকারিং ও সাপ্লাই চেইন ব্যবস্থাকে আরও গতিশীল করা হচ্ছে। এ জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ের চাহিদা সমন্বয় করে জ্বালানিবাহী জাহাজগুলোকে বন্দরে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দেওয়া হবে।

বন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বন্দরের সার্বিক অপারেশনাল কার্যক্রম ও লজিস্টিক সহায়তা স্বাভাবিক রয়েছে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম বন্দরে আসা অধিকাংশ জাহাজের বাংকারিং ও জ্বালানি সরবরাহের প্রধান উৎস সিঙ্গাপুর ও মালয়েশিয়া হওয়ায় বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাব এখানে তুলনামূলকভাবে কম পড়ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও