মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কাজ শেষে বাড়ি ফেরা হলো না—ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।

- Advertisement -

সোমবার (৯ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী দিঘি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যোগেজ উড়াংয়ের ছেলে উত্তম উড়াং (১৭), রাম উড়াংয়ের ছেলে নয়ন উড়াং (১৭) এবং তপন উড়াংয়ের ছেলে তপু উড়াং (১৭)। তারা সবাই ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা।

ফটিকছড়ি হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. সাহাব উদ্দিন ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ইব্রাহীম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ফেলাগাজী দিঘি মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই একজন নিহত হন।

সংঘর্ষের পর বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে বাসের অন্তত ১৪ জন যাত্রী আহত হন।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের আরও দুই আরোহীকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত উত্তম উড়াংয়ের পিতা যোগেজ উড়াং বলেন, উত্তম লেখাপড়া করতো। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করতো। কিন্তু আজ কাজ শেষে সে বাড়ি ফিরেছে লাশ হয়ে।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও