ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরান-এর ওপর এই হামলা অবৈধ এবং এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি। একই সঙ্গে নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনি-কে নির্বাচিত করার বিষয়টিকে ‘ইরানিদের পছন্দের প্রতিফলন’ বলে উল্লেখ করেছে দেশটি।
বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়-এর এক মুখপাত্র এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। তাদের এই পদক্ষেপ আন্তর্জাতিক পরিসরেও অস্থিরতা সৃষ্টি করছে।
উত্তর কোরিয়া আরও বলেছে, অন্য দেশের সরকারকে হুমকি দেওয়া কিংবা সামরিক হামলা চালানো গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
একইসঙ্গে দেশটি জানিয়েছে, অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন সুপ্রিম লিডার হিসেবে যাকে নির্বাচন করেছে, সেই সিদ্ধান্তকে তারা সম্মান জানায়। তাদের মতে, এই নির্বাচনের মাধ্যমে ইরানের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।

