দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ২৪ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শুক্রবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল। এর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কিছুটা কমানো হলো।
নতুন দাম অনুযায়ী— ২২ ক্যারেট সোনার ভরি: ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা (কমেছে ২,১৫৮ টাকা), ২১ ক্যারেট সোনার ভরি: ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা (কমেছে ২,০৯৯ টাকা), ১৮ ক্যারেট সোনার ভরি: ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা (কমেছে ১,৮০৮ টাকা), সনাতন পদ্ধতির সোনার ভরি: ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা (কমেছে ১,৪৫৮ টাকা)।
এদিকে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে— ২২ ক্যারেট রুপার ভরি: ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট রুপার ভরি: ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার ভরি: ৫ হাজার ১৯০ টাকা, সনাতন পদ্ধতির রুপার ভরি: ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

