শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি শুরু

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে দিনাজপুরে যে খাল কেটেছিলেন, তার পাঁচ দশক পর সেই সাহাপাড়া খালের পুনঃখনন কাজের সূচনা করেছেন তারই ছেলে, প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

নিজে কোদাল হাতে নিয়ে সোমবার বেলা সাড়ে ১২টায় উদ্বোধন করা হয় এই কার্যক্রমের। এর মধ্য দিয়ে সারাদেশের ৫৪ জেলায় খাল খনন ও পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করা হলো। সাহাপাড়া খালটির দৈর্ঘ্য ১২.২ কিলোমিটার এবং এটি পুনর্ভবা নদীর সঙ্গে সংযুক্ত।

সমাজকল্যাণ মন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের সাংসদ এ জেড এম জাহিদ হোসেন জানান, এই খাল পুনঃখনন কর্মসূচিতে এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করছেন। পুরো খালটি সম্পন্ন হলে প্রায় ৩১ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবে। এছাড়া জলাবদ্ধতা কমবে, ফসল উৎপাদন বৃদ্ধি পাবে, মৎস্য চাষ ও হাঁস পালন সহজ হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

প্রধানমন্ত্রী এই কর্মসূচি উদ্বোধনের সময় রামচন্দ্রপুর ইউনিয়নে উপস্থিত ছিলেন স্থানীয় জনগণ, বিশেষ করে নারীরা। অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

পানিসম্পদ মন্ত্রণালয় জানায়, নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। এ খাল খনন কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে এবং ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পাবে। সরকারের আশা, এর ফলে খরা প্রবণতা কমবে, জলাবদ্ধতা ও বন্যা হ্রাস পাবে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পানি সম্পদ, স্থানীয় সরকার, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আর্থিক সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। প্রতি কিলোমিটার খনন ও পুনঃখননে খরচ হবে অন্তত ২০ লাখ টাকা।

স্বাধীনতার আগে বাংলাদেশে নৌপথের দৈর্ঘ্য প্রায় ২৪ হাজার কিলোমিটার ছিল; পলি ও বালিতে ভরাট হয়ে বর্তমানে নৌপথ কমে চার হাজার কিলোমিটার। বর্ষার মৌসুমে নৌপথ প্রায় ৬ হাজার কিলোমিটার, শুষ্ক মৌসুমে ৪,৩৪৭ কিলোমিটার পর্যন্ত সীমিত।

সর্বশেষ

এই বিভাগের আরও