দেশের অর্থনীতি ও জিডিপি গণনায় নারীদের গৃহস্থালি কাজের মূল্যায়ন করা হয় না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নারীদের ঘরের কাজ আর্থিক মূল্যে হিসাব করা হলে বাংলাদেশের জিডিপি বর্তমানের তুলনায় তিনগুণ বেশি হতো।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন পরবর্তী অভিজ্ঞতা শেয়ার করে সিইসি বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে নারী কর্মকর্তাদের পারফরম্যান্স প্রশংসনীয় ছিল। ভোটের পর অনেক অনিয়মের অভিযোগ এসেছে, কিন্তু তদন্তে দেখা গেছে অভিযুক্তরা সকলেই পুরুষ প্রিজাইডিং অফিসার।
কোনো নারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ পাইনি। ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নারী নির্বাচন কর্মকর্তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করার পরিকল্পনা জানান তিনি।
নারীদের ভোটার রেজিস্ট্রেশন সাফল্যের কথাও উল্লেখ করে সিইসি জানান, আগে নারী ও পুরুষ ভোটারের মধ্যে প্রায় ৩০ লাখের ব্যবধান ছিল, যা বাড়ি বাড়ি তালিকা হালনাগাদ করার ফলে এখন ১০ লাখে নেমে এসেছে। তিনি নিজেও দেখেছেন রাত ১০–১১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে নারীরা ভোটার রেজিস্ট্রেশন করেছেন।
তিনি আরও বলেন, নির্বাচন ভালো হলে ভোটের পর কিছু রাজনৈতিক আপত্তি ওঠে, যা আমাদের দেশের সংস্কৃতির অংশ, কিন্তু মাঠ পর্যায়ে ভোটাররা ভোট দিতে পারেননি এমন কোনো অভিযোগ এখনও পাইনি।
সিইসি নারীদের অর্থনীতিতে অবদান স্মরণ করে বলেন, বাংলাদেশের অর্থনীতি মূলত নারীদের ওপর দাঁড়িয়ে আছে, তাই তাদের অবদানের কোনোভাবেই অবমূল্যায়ন করা যায় না।

