রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ চললে অর্থনীতিতে বাড়বে চাপ—বললেন অর্থমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ আরও বাড়বে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

- Advertisement -

রোববার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকায় নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

অর্থমন্ত্রী বলেন, “এটা একটি কঠিন সময়। আমরা একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় দায়িত্ব নিয়েছি। এর মধ্যে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করেছে। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে চাপ আরও বাড়বে।”

তিনি জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। “আমাদের জ্বালানি সংগ্রহ ও ব্যবস্থাপনা এখনো অব্যাহত রয়েছে, যাতে জ্বালানির অভাবে শিল্পকারখানা বা বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত না হয়। বর্তমানে পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল আছে,” বলেন তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের নিয়ন্ত্রণে নয়। তবে সরকার এখন পর্যন্ত এর প্রভাব জনগণের ওপর পড়তে দেয়নি। ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি উল্লেখ করেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে এবং এই কার্যক্রম অব্যাহত রয়েছে। “সরকার সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে চায়। এবারের ঈদে জ্বালানি সংকটের কোনো প্রভাব সাধারণ মানুষের ওপর পড়েনি,” যোগ করেন তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও