দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সবার মাস্টার্স ডিগ্রি অর্জনের প্রয়োজন নেই; বরং কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
রোববার (২২ মার্চ) দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা শিক্ষকতা ও গবেষণার মাধ্যমে দেশ ও মানুষের জন্য অবদান রাখবে, তারাই উচ্চশিক্ষা গ্রহণ করবে। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের ভোকেশনাল ট্রেডের যেকোনো একটি বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে।”
তিনি আরও বলেন, “সনাতনী শিক্ষাব্যবস্থা দিয়ে অতীতে বিপুল সংখ্যক ডিগ্রিধারী বেকার তৈরি হয়েছে। এখন সময় এসেছে কর্মক্ষম ও দক্ষ নাগরিক গড়ে তোলার জন্য শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর।”
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।
তিনি জানান, কৃষকদের জন্য শিগগিরই ‘কৃষি কার্ড’ চালু করা হবে।
মন্ত্রী আরও বলেন, সংস্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, দক্ষতা ও প্রযুক্তিতে এগিয়ে একটি আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

