রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

স্বাধীনতার ৫৫তম বার্ষিকী — শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকীতে জাতির বীর সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন মো. সাহাবুদ্দিন ও তারেক রহমান

- Advertisement -

বৃহস্পতিবার ভোর ৫টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শহীদদের স্মরণ করেন। এর আগে প্রধানমন্ত্রী ভোর ৫টা ৫৩ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

রাষ্ট্রপতি স্মৃতিসৌধে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। রাষ্ট্রীয় সালামের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হয় এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা বিউগলে করুণ সুর তোলেন।

পরে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে আবারও পুষ্পস্তবক অর্পণ করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দলীয় নেতাদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা। পরে তারা বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।

এরপর বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং কূটনীতিকরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

প্রত্যুষে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও