সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

একটি বাস, অসংখ্য স্বপ্ন—পদ্মায় ডুবে নিভল ২৬ প্রাণ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির মর্মান্তিক ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। সবশেষ উদ্ধার হওয়া মরদেহটি কালুখালী উপজেলার মৃত সানাউল্লাহ শেখের ছেলে জাহাঙ্গীর (৫৫)-এর। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে নারী ১১ জন, শিশু ৮ জন এবং পুরুষ ৭ জন রয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার রাত সোয়া ১১টার দিকে ডুবে যাওয়া বাসের একটি অংশ দৃশ্যমান হয়। পরে সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেন দিয়ে বাসটি পানির ওপর তোলা হয়। এ সময় বাসের ভেতর থেকে মরদেহের পাশাপাশি স্কুলব্যাগ, জুতা-স্যান্ডেল, ভ্যানিটি ব্যাগসহ বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী ভেসে উঠতে দেখা যায়—যা ঘটনাটির ভয়াবহতা আরও স্পষ্ট করে তোলে।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলামের নেতৃত্বে আরও একটি পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, বাস ডুবির ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে খোঁজখবর নিয়েছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটে নদী পারাপারের অপেক্ষায় থাকা ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন বলে সংশ্লিষ্ট কাউন্টার সূত্রে জানা গেছে।

এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়; স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দৌলতদিয়া ঘাট।

সর্বশেষ

এই বিভাগের আরও