বুধবার, ৮ এপ্রিল ২০২৬

বাংলাদেশে আবারও আইপিএল সম্প্রচার, নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশনায় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান-কে আইপিএল স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় দেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে নতুন সরকার আসার পর সেই অবস্থান থেকে সরে এসে বাংলাদেশে আইপিএল সম্প্রচারের পথ খুলে দেওয়া হচ্ছে।

- Advertisement -

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রচারে বাংলাদেশে আর কোনো বাধা নেই। এ তথ্য জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছিলেন, আইপিএল সম্প্রচার নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। জহির উদ্দিন স্বপন জানান, “আমরা খেলার সঙ্গে রাজনীতি মেশাতে চাই না। বিষয়টিকে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে। কোনো চ্যানেল সম্প্রচার করতে চাইলে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করবো।”

ডয়চে ভেলে-এর বরাতে তিনি আরও বলেন, আইপিএল সম্প্রচারের জন্য এখনো কেউ আনুষ্ঠানিক আবেদন করেনি। তবে আবেদন এলে তা খোলা মনে বিবেচনা করা হবে।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, স্টার স্পোর্টস-সহ কোনো সম্প্রচার মাধ্যমকে আইপিএল দেখানো থেকে বাধা দেওয়া হবে না। একইভাবে দেশের স্থানীয় টিভি চ্যানেলগুলোও চাইলে সম্প্রচারের সুযোগ পাবে।

এদিকে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সেক্রেটারি রেজাউল করিম লাবু জানিয়েছেন, আইপিএল সম্প্রচারে তারা কোনো বাধা দেবেন না। কারণ এ বিষয়ে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই।

তিনি বলেন, “স্টার স্পোর্টস চাইলে বাংলাদেশে আইপিএল সম্প্রচার করতে পারবে। আগের সরকারের নির্দেশনা এখন আর কার্যকর নয়। নতুন সরকার নির্দেশ দিলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।”

ফলে নতুন সিদ্ধান্তে বাংলাদেশে ক্রিকেটপ্রেমীদের জন্য আবারও জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগ দেখার সুযোগ তৈরি হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও