ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, গুম, খুন ও ফাঁসির মঞ্চ পেরিয়ে আসা বর্তমান সংসদ বিশ্ব ইতিহাসে এক বিরল উদাহরণ।
রোববার (২৯ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবন-এ অধিবেশনের মূলতবি বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার বলেন, ওয়েস্টমিনস্টার ধাঁচের গণতন্ত্র চর্চার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার প্রত্যাশা রয়েছে। সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পেয়ে তিনি সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাস ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। এসময় তিনি লাখো শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।
বক্তব্যে তিনি জিয়াউর রহমান-এর অবদানের কথা স্মরণ করে বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি জাতিকে যুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন এবং পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। পাশাপাশি খালেদা জিয়া-এর নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে। শহীদদের আত্মত্যাগের কারণেই আজকের এই সংসদ গড়ে উঠেছে।
ডেপুটি স্পিকার একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

