বুধবার, ৮ এপ্রিল ২০২৬

ঋণের পাহাড়ে সরকার, ছয় মাসেই অর্ধলক্ষ কোটি!

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, জুলাই-ডিসেম্বর শেষে এ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩৮৬ কোটি টাকা।

- Advertisement -

একই সময়ে ব্যাংকবহির্ভূত আর্থিক খাত থেকে সরকারের ঋণ হয়েছে প্রায় ৮ হাজার ৮৬১ কোটি টাকা। ফলে ব্যাংক ও আর্থিক খাত মিলিয়ে মোট অভ্যন্তরীণ ঋণ দাঁড়িয়েছে ৬২ হাজার ২৪৬ কোটি টাকায়।

প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় ব্যাংকঋণ প্রায় আট গুণ বেড়েছে। ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে এ ঋণের পরিমাণ ছিল মাত্র ৬ হাজার ৭৪০ কোটি টাকা।

অন্যদিকে ব্যাংকবহির্ভূত খাত থেকে ঋণ কমেছে উল্লেখযোগ্যভাবে। আগের অর্থবছরের একই সময়ে যেখানে ২৪ হাজার ৬৮৮ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল, সেখানে এবার তা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৬১ কোটিতে।

বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগে স্থবিরতার কারণে বর্তমানে ব্যাংকঋণ বাড়লেও বেসরকারি খাতে বড় প্রভাব পড়ছে না। তবে ভবিষ্যতে বিনিয়োগ বাড়লে এই উচ্চমাত্রার সরকারি ঋণ বেসরকারি খাতের অর্থায়নে চাপ তৈরি করতে পারে।

চলতি অর্থবছরের বাজেটে সরকার ব্যাংক ও আর্থিক খাত থেকে মোট ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার মধ্যে ব্যাংকঋণের লক্ষ্য ১ লাখ ৪ হাজার কোটি টাকা।

এদিকে সঞ্চয়পত্রে বিনিয়োগ কমে যাওয়ায় সরকার এখন বেশি নির্ভর করছে ব্যাংক ও বিভিন্ন বিল-বন্ডের ওপর, যেখানে তুলনামূলক বেশি সুদের কারণে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও