চট্টগ্রাম নগরে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হাসান মো. শওকত আলী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সিএমপি কার্যালয়ে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
কমিশনার বলেন, নগরীতে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। এসব অপরাধ দমনে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান চালানো হবে।
তিনি জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় মাদক ও ছিনতাইয়ের হটস্পট চিহ্নিত করা হয়েছে। খুব শিগগিরই এসব এলাকায় বিশেষ অভিযান শুরু হবে।
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তিনি বলেন, মানুষ যেন নিরাপত্তার অনুভূতি নিয়ে চলাফেরা করতে পারে, সেই পরিবেশ তৈরি করাই পুলিশের লক্ষ্য। একই সঙ্গে কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান ও যানজট নিরসনে কার্যক্রম জোরদার করার কথাও জানান তিনি।
চট্টগ্রামকে একটি ‘সেইফ সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে কমিশনার বলেন, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
পুলিশের অভ্যন্তরীণ অনিয়মের ব্যাপারেও কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো সদস্যের বিরুদ্ধে চাঁদা বা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল হাসান মো. শওকত আলী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

