মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ‘এমটি শান গাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
জাহাজটির তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। আর জ্বালানি তেল আমদানি ও সরবরাহের দায়িত্বে রয়েছে সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বিপিসির তথ্যমতে, এপ্রিল মাসে দেশে ডিজেলের চাহিদা প্রায় ৪ লাখ টন। এ মাসে আরও সোয়া ৩ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে এ মাসে দুটি জাহাজ এসে পৌঁছেছে। এর আগে শুক্রবার দুপুরে ২৭ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রামে আসে, সেটিও সরবরাহ করে ইউনিপ্যাক।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। এতে হরমুজ প্রণালি-তে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের জ্বালানি আমদানিতে প্রভাব পড়ে। নির্ধারিত সময়ে জাহাজ না পৌঁছায় সরবরাহে চাপ তৈরি হয়।
এ পরিস্থিতিতে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেয়।
বিপিসির মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন জানান, সর্বশেষ জাহাজটি ইতোমধ্যে পৌঁছেছে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী খালাস কার্যক্রম শুরু হবে।

